২৮ মিনিটের মধ্যে মার্তিনেলি ও জেসুসের দুগোলে এগিয়ে যাওয়া আর্সেনাল অ্যানফিল্ডে ১১ বছর পর জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু প্রতিপক্ষ লিভারপুল বলেই হয়নি। বিরতির আগেই একটি গোল শোধ করেন লিভারপুলের মোহামেদ সালাহ। ইনজুরি টাইমে রবার্তো ফিরমিনোর দুর্দান্ত হেডে করা গোলে সমতা ফিরিয়ে মাঠ ছাড়ে অলরেডরা। আর্সেনালের কোচ মিকেল আর্তেতার কাছে এটিই ন্যায্য ফলাফল।
আর এই ফলে লিভারপুলের যা উপহার হলো, তার চেয়ে বেশি হয়েছে শিরোপার দাবিদার ম্যানচেস্টার সিটির। আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য এখন নেমে এসেছে ৬ এ। এক ম্যাচ কম (২৯) খেলা ম্যানসিটি আগামী শনিবার লিস্টার সিটিকে হারালে তিন পয়েন্টের ব্যবধানে চলে আসবে। ২৬ এপ্রিল ম্যানসিটি-আর্সেনাল ম্যাচে লিগ শিরোপা লড়াইয়ের অনেকটাই নিশ্চিত হবে।
ক্লপ বলেন, ‘আমাদের এই মৌসুমের পারফরম্যান্সের নমুনাই এটি। আজকের ম্যাচটি উন্মুক্ত ছিল। তারা প্রথম দুই সুযোগে গোল করেছে। আমরা ভালোভাবে জবাব দিয়েছি। সব মিলিয়ে দারুণ এক ম্যাচ ছিল। তবে শেষ দিকে এত সুযোগ পেয়েও আমরা কীভাবে জিততে পারলাম না, আমি জানি না।’ আর্সেনাল ভালো খেললেও তারা হারতে পারত বলে মত দেন ক্লপ। ‘আর্সেনাল ভালো খেলেছে। তবে তারা হারতে পারত, হারা উচিত ছিল। তাদের জন্য একটি পয়েন্ট মানেও বেশ ভালো।’
মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে আর্সেনালের ফের পা হড়কানো মানে লিগ শিরোপায় অনিশ্চয়তা তৈরি হওয়া। সামনের পথচলায় এ ম্যাচের ভুল থেকে শিক্ষা কাজে লাগাতে চান আর্তেতা।
