যুক্তরাষ্ট্রের ব্যাংকে গোলাগুলি নিহত ৫

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৬:২৩ এএম

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিল শহরের এক ব্যাংকে গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। ওই হামলায় আরও ছয় ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে পুলিশের একজন কর্মকর্তা রয়েছেন।

লুইভিল মেট্রো পুলিশ বিভাগের বরাতে বিবিসি বলছে, স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ডাউনটাউন লুইসভিলের ওল্ড ন্যাশনাল ব্যাংকে এ ঘটনা ঘটে। অস্ত্রধারী সম্পর্কে জানার কয়েক মিনিটের মধ্যে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

ডেপুটি পুলিশ প্রধান পল হামফ্রে বলছেন, সেখানে তারা বন্দুকযুদ্ধের মুখে পড়েন। তবে সন্দেহভাজন হামলাকারীর মৃত্যুর কারণ কী এবং হামলাকারীকে নিহত পাঁচজনের একজন হিসাবে গণনা করা হচ্ছে কি না তা স্পষ্ট নয়।

বিবিসি বলছে, হামলার স্থানটি লুইভিল সøাগার ফিল্ড বেসবল স্টেডিয়ামের  কাছাকাছি এবং কেন্টাকি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ও মুহাম্মদ আলী সেন্টার থেকে বেশ কয়েকটি ব্লক দূরে। ওই এলাকার এক ভিডিওতে দেখা যাচ্ছে, সশস্ত্র পুলিশ ওই এলাকার একটি বাণিজ্যিক ভবন ঘেরাও করে রেখেছে। ঘটনাস্থল থেকে পাওয়া সংবাদ ফুটেজে এক জায়গায় ভাঙা কাঁচ এবং পরিত্যক্ত মেডিকেল সামগ্রী পড়ে রয়েছে এবং সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এক টুইটার বার্তায় জানিয়েছে, তাদের এজেন্টরাও ঘটনাস্থলে গিয়েছে এবং স্থানীয় পুলিশকে সহায়তা করছে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেছেন, এই গোলাগুলির পর তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন। টুইটারে এক পোস্টে তিনি লিখেছেন, অনুগ্রহ করে ক্ষতিগ্রস্ত পরিবার এবং লুইভিল শহরের জন্য প্রার্থনা করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত