পোস্টার লাগানো বন্ধে ফ্লাইওভারের দেয়ালে অলংকরণ

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৬:৩০ এএম

রাজধানীর মগবাজার ফ্লাইওভারের পিলারে পোস্টার লাগানো বন্ধ করতে দৃষ্টিনন্দন অলংকরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে এ কাজের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ঢাউসিক) মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় মেয়র আতিক নিজেই রঙ তুলির গ্রাফিতি করে ফ্লাইওভারের দেয়ালে।

ডিএনসিসি মেয়র বলেন, এই দেশটা আমাদের, এই শহরটা আমাদের। এই দেশ, এই শহর বাহিরের কারও নয়। অনেক রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। অথচ যত্রতত্র পোস্টার লাগিয়ে আমরা নিজেরাই এই শহরের দৃশ্য দূষণ করছি। আমরাই শব্দ দূষণ করছি, বায়ু দূষণ করছি। শহরের দূষণ বন্ধে আমাদের নিজেদের ঠিক হতে হবে, সচেতন হতে হবে। শুধু সরকার, সিটি করপোরেশন দায়িত্ব নিলে হবে না। সবাইকে দায়িত্ব নিতে হবে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মগবাজার থেকে সাতরাস্তামুখী ফ্লাইওভারের নিচের পিলারগুলোতে ব্যানার-পোস্টার তুলে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাদা রঙ করা হয়েছে। ধবধবে সাদা রঙের ক্যানভাসে ফুটে উঠছে দৃষ্টিনন্দন অলংকরণ। তাতে শোভা পাচ্ছে দেশীয় সংস্কৃতি এবং শিক্ষণীয় বিষয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত