বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে সম্প্রতি দেখা গিয়েছে ভূটানে। অভিনেত্রীর কিছু ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি বলছে, ভুটানের একাধিক জায়গায় গিয়েছেন তিনি। কিন্তু একই সঙ্গে চোখে পড়েছে দীপিকার স্বামী রণবীর সিংয়ের অনুপস্থিতি।
জানা গেছে, গত সপ্তাহে ভুটানে হাজির হন দীপিকা। এক জন সাধারণ ট্যুরিস্টের মতোই তিনি সেখানে ঘুরেছেন। ক্যাফেতে সময় কাটিয়েছেন। এমনকি, ভুটানের বিখ্যাত টাইগার্স নেস্ট মনাস্ট্রিতেও গিয়েছিলেন। যেখানেই গিয়েছেন, স্থানীয়দের সেলফির আবদার মিটিয়েছেন দীপিকা।
এক জন স্থানীয় মহিলা অভিনেত্রীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ওর গোপনীয়তা রক্ষার অনুরোধকে আমি সম্মান করি। পর্দার মতোই বাস্তবেও তিনি ততটাই ভাল মনের মানুষ। তাই উনি রাজি হতেই এই ছবি।’
পারোর এক ক্যাফের কর্মীদের সঙ্গেও দীপিকা ছবি তুলেছেন। সংশ্লিষ্ট ক্যাফেটি সমাজমাধ্যমে অভিনেত্রীর ছবি পোস্ট করে লিখেছে, ‘আপনাকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার এবং আপনার পরিবারের সেবা করতে পেরে আমরা আপ্লুত।’
এরপরেই ওঠে প্রশ্ন। ভুটানে দীপিকা, কিন্তু রণবীর কোথায়? সম্প্রতি, একটি অনুষ্ঠানে একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন বলে দীপিকা এবং রণবীরের বৈবাহিক সমীকরণ নিয়ে প্রশ্ন ওঠে। পরে অবশ্য অম্বানীদের অনুষ্ঠানে দু’জনে একসঙ্গেই হাজির হয়েছিলেন।
একটি সূত্রের দাবি, একা নিজের সঙ্গে সময় কাটাতেই দীপিকার এই ভ্রমণ। কিন্তু এই ট্যুরে রণবীর সিংয়ের অনুপস্থিতি ঘিরে নতুন করে দানা বেঁধেছে জল্পনা। মঙ্গলবার গভীর রাতে মুম্বাই ফিরে আসেন দীপিকা।
