প্রভাবশালীদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ভিটে রক্ষায় অবুঝ সন্তানদের নিয়ে খাদিজা খাতুন নামের এক মা অবরোধ করলেন সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক। খাদিজা খাতুন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের তৌহিদ আহমেদ বুলবুলের স্ত্রী। বিকেল সাড়ে ৩টার দিকে কালেক্টরেটের প্রবেশদ্বারসংলগ্ন সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের সামনে ২০ মিনিট অবরোধ করে রাখেন খাদিজা খাতুন। পরে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষে আরডিসি মো. মহিউদ্দিন ও এনডিসি বাপ্পী দত্ত সেখানে উপস্থিত হয়ে অবরোধ প্রত্যাহারে অনুরোধ করেন এবং জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সাক্ষাৎ করিয়ে দেন। জেলা প্রশাসক দ্রুত খাদিজা খাতুনের আবেদন গ্রহণ করে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুনকে জরুরি ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
খাদিজা খাতুন বলেন, তার বাড়ির জমিটি নিয়ে বিরোধ করছে স্থানীয় প্রভাবশালী ইটভাটা মালিক মতিয়ার রহমান। সম্প্রতি মতিয়ার রহমান তার বাড়ি ও রাস্তার সামনের পুরোটা ইট দিয়ে চলাচল বন্ধ করে দেয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার প্রভাবশালী মতিয়ারের পক্ষ নিয়ে বুলবুল ও খাদিজাকে স্থাপনা নির্মাণ থেকে সরে যেতে বলেন।
এদিকে, এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মামুন রহমান ও পরিদর্শক (তদন্ত) এবাদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে পরিদর্শক এবাদ জানান, তিনি ওসির নির্দেশে খাদিজাদের ওখানে যান সেখানে যেয়ে বিষয়টি জমিজমা সংক্রান্ত ও জটিল মনে হওয়ায় তিনি সেখানে আর যাননি। বিষয়টি ওসি মামুন নিজেই দেখছেন।
তবে ওসি মামুন জানান, তিনি এ ঘটনার কিছুই জানেন না। বিষয়টি জমিজমা সংক্রান্ত হলে সেটি আদালতের এখতিয়ার।
এ ব্যাপারে মতি ব্রিকসের মালিক মতিয়ার রহমান বলেন, ওই জমিটি বুলবুল বা খাদিজাদের না। সে কারণেই তিনি ইট দিয়ে ঘিরে ফেলেছেন। আর এ জমি নিয়ে কিছু
জানতে কালীগঞ্জ থানার ওসি মামুন রহমান ও পরিদর্শক এবাদ আলীর সঙ্গে এবং কালীগঞ্জের গন্যমান্যদের সঙ্গে কথা বলে নিউজ করতে অনুরোধ জানান।
