মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল বলেছেন, দেশে পুরুষের পাশাপাশি নারী মাদকসেবীর হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। নারীদের মাদক গ্রহণ নিয়ন্ত্রণ করা না গেলে তা সমাজে এক সময় ভয়ংকর রূপ নেবে। কিন্তু সামাজিক স্টিগমার (কলঙ্ক) কারণে নারী মাদকসেবীরা চিকিৎসা নিতে অনাগ্রহ প্রকাশ করে। গতকাল বুধবার রাজধানীর শ্যামলিতে ঢাকা আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের ১০ম বছরে পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. আক্তারুজ্জামান সেলিম, স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. নায়লা পারভীন, সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী।
