আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার ভিন্নধর্মী একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। সম্প্রীতির বার্তা ছড়াতে ও ধর্মীয় সচেতনতামূলক কাজের অংশ হিসেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প’-এর একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাচ্ছে তাকে। এটি নির্মাণ করেছেন নাঈম অঙ্কন। বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেলসহ সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে বিজ্ঞাপনচিত্রটি। অপু বিশ্বাস বলেন, ‘বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির আদর্শ দেশ। এখানে যুগ যুগ ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সুখে-দুঃখে সবাই মিলেমিশে আছে। এই বিষয়টিই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিজ্ঞাপনচিত্রটিতে। এমন অসাধারণ বিষয়ের কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুব ভালো লাগছে। সচেতনতা বৃদ্ধিকরণ এই প্রকল্প সফল হোক।’ প্রকল্প পরিচালক আবদুল্লা-আল-শাহীন বলেন, ‘বাংলাদেশে নিজ নিজ ধর্ম পালন নিয়ে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করছে। বিচ্ছিন্নভাবে ধর্মীয় সম্প্রীতির এই সুন্দর পরিবেশ নষ্টের চেষ্টা করা হয়। এ বিষয়ে সবাইকে সচেতন করতেই এই বিজ্ঞাপনচিত্রটি তৈরি করা হয়েছে।’
×
