সতীর্থ লেরয় সানেকে ঘুষি মারার ঘটনায় সাদিও মানেকে শনিবার বুন্দেসলিগা ম্যাচ থেকে সাসপেন্ড করেছে বায়ার্ন মিউনিখ। জরিমানাও করা হচ্ছে তাকে।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল ম্যানসিটির কাছে বায়ার্নের ০-৩ গোলে হেরে যাওয়া ম্যাচ চলাকালীন মাঠের ভেতর বাদানুবাদে জড়াতে দেখা যায় মানে ও সানে। ঘটনার জেরে ম্যাচ শেষে বায়ার্ন ড্রেসিং রুমে কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুজন।
মানের ঘুষিতে সানের ছোট কেটে রক্ত পড়তে থাকে। মিউনিখে ফেরার পর বিমানবন্দর থেকে ব্যক্তিগত গাড়িতে ফিরেছেন মানে। আর সানে ফেরেন টিম বাসে।
বৃহস্পতিবার সকালে অবশ্য অনুশীলেন দুজনকে একসঙ্গে দেখা গেছে। মানে অভিযোগ করেছেন, ম্যাচ শেষে সানে তার সঙ্গে বাজে ভাবে কথা বলেছেন।
লিভারপুল ছেড়ে গত বছর বায়ার্নে যোগ দেয়ার পর ৭টি লিগ ম্যাচ খেলতে পারেননি মানে চোটে পড়ায়। সেনেগালের হয়ে বিশ্বকাপও মিস করেন তিনি। সব মিলিয়ে ৩২ ম্যাচে ১১টি গোল করেছেন তিনি।
