দেশের শোবিজ জগতের তারকাদের অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানাতে ২০২০ সালে শুরু হয় ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড’। প্রতিবছর বর্ণিল আয়োজন করে সেলিব্রেটিদের হাতে পুরস্কার দেওয়া হয়। ব্যতিক্রম হচ্ছে না এবারও। তবে আয়োজনটি এবার আর বাংলাদেশে হচ্ছে না। দেশের সীমানা পেরিয়ে ভারতের কলকাতায় বসছে ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২৩’ এর আসর। এবার ঢাকা ও কলকাতার তারকাদের সম্মাননা জানাতে চায় ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড’ কর্তৃপক্ষ। এবারের আয়োজনে দুই বাংলার সাহিত্য-সংস্কৃতিপ্রেমী বাঙালিরা মিলিত হবেন বলে জানানো হয়েছে। আগামী ২৮ এপ্রিল কলকাতার কলামন্দির প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান হবে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন-বাংলাদেশের আয়োজক পিয়াল হোসেন, কাশফিয়া আমিনা ও ভারতের আয়োজক শর্মিষ্ঠা ঘোষ। এ ছাড়া ছিলেন চিত্রনায়ক নিরব, ইমন, বারিশ হক, বাঁধন সরকার পূজা, নির্মাতা সাকিব সনেট প্রমুখ। আইকনিক স্টার আওয়ার্ড অনুষ্ঠানের উদ্যোক্তা পিয়াল হোসেন জানান, এই আয়োজনে দুই বাংলার ১৫ জন কর মোট ৩০ জন তারকাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, সংগীত শিল্পী ও দুই বাংলার বিশিষ্ট ব্যবসায়ীরা।
×
