যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য অ্যালাবামায় জন্মদিনের পার্টিতে গোলাগুলির ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে আলাবামার ডেডভিলের একটি ভবনে এক কিশোরের জন্মদিনের পার্টি আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঝগড়ার জের ধরে গুলি চালানো হয়।
রবিবার ভোরে টেলিভিশন চ্যানেল ডব্লিউআরবিএল ডেডভিলের ওই ভবনের চারপাশে পুলিশের ব্যাপক তৎপরতার খবর প্রকাশ করেছে। তবে এ ঘটনার পর আইনপ্রয়োগকারী সংস্থাগুলো প্রকাশ্যে কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি। যদিও স্থানীয় গণমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আহত বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অপরদিকে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, এ ঘটনায় ছয়জন নিহত হয়েছে। তাদের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করেছে সংবাদমাধ্যমটি।
প্রায় ৩৩০ মিলিয়ন জনসংখ্যার দেশ যুক্তরাষ্ট্র। সেখানে প্রায় ৪০০ মিলিয়ন বন্দুক রয়েছে। প্রাণঘাতী গণহত্যা দেশটিতে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
