বিশ্ববিদ্যালয়

গুচ্ছ ভর্তিতে থাকতে রাষ্ট্রপতির নির্দেশনা

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০৫:৩৭ এএম

গত দুই বছরে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোকে এ বছর ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তিতে থাকতে নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর ও রাষ্ট্রপতি। একই সঙ্গে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে একক ভর্তি পরীক্ষার আওতায় নেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি। গত শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করে দেশের ২৯ বিশ্ববিদ্যালয়। এদের মধ্যে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছে ২০ বিশ্ববিদ্যালয়, প্রকৌশল গুচ্ছে ৩ বিশ্ববিদ্যালয় এবং কৃষি গুচ্ছে ৬ বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছিল। পরে ২০২১-২২ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছে যুক্ত হয় আরও দুটি বিশ্ববিদ্যালয়।

কিন্তু দুই বছর যেতে না যেতেই ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভাঙন দেখা দেয় জিএসটি গুচ্ছে। দীর্ঘ ভর্তি প্রক্রিয়াসহ বিভিন্ন জটিলতা দেখিয়ে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এর মধ্যে গত শনিবার এ তিন বিশ্ববিদ্যালয়সহ বিগত শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি কার্যক্রমে অংশগ্রহণকারী সব বিশ্ববিদ্যালয়কে গুচ্ছে রেখে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন রাষ্ট্রপতি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলরের অভিপ্রায় অনুযায়ী বিগত সময়ে যে সব পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত ছিল তাদের অংশগ্রহণে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দায়িত্ব প্রদান করা হলো।’

রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারির পর নিজেদের অবস্থান থেকে কিছুটা নমনীয় হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মূলত এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আন্দোলনের মুখে তারা গুচ্ছ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিল।

তবে রাষ্ট্রপতির সর্বশেষ নির্দেশনার পর শিক্ষক নেতারা বলছেন, তারা সভা ডেকে রাষ্ট্রপতির নির্দেশনা নিয়ে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কোনো কোনো বিশ্ববিদ্যালয় আবার ডিনস কমিটি ও অ্যাকাডেমিক কাউন্সিলের ওপর বিষয়টি ছেড়ে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত