বাছাইয়ের সময় মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের আরও বেশি যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘যতœসহকারে আরও সঠিক ও শুদ্ধভাবে নমিনেশনগুলো বাতিল করা হয়, তাহলে সেটা আমাদের জন্য সহযোগিতা হবে।’ গতকাল সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘আমাদের সিটি করপোরেশন নির্বাচনের ট্রেনিং ছিল। আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি, যে গৃহীত ও প্রত্যাখ্যাত মনোনয়নপত্রের পরে আমাদের কাছে আপিল করা হয়। কিছু কিছু আমাদের কর্মকর্তারা আরেকটু সুচারুভাবে অর্ডার করলে আমাদের পক্ষে সিদ্ধান্ত দিতে সুবিধা হয়।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা চূড়ান্ত কর্র্তৃপক্ষ নই। আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবার উচ্চ আদালতে আপিল হয়। কাজেই আমরা যে আপিলটা শুনব, আমাদের রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত দেন তা যদি সঠিক ও শুদ্ধ হয়, সেটা উচ্চ আদালতেও সমর্থিত হবে। সেটা আমাদের সবার জন্যই ইতিবাচক।’
