ভারতের মুম্বাই শহরে প্রথম স্টোর উদ্বোধন করলো আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল। এক্সক্লুসিভ এই স্টোরের উদ্বোধন করতে বর্তমানে ভারত সফর করছেন আইফোন নির্মাতা অ্যাপল সিইও টিম কুক।
মঙ্গলবার (১৮ এপ্রিল) মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ভারতে অ্যাপল ব্র্যান্ডের প্রথম স্টোর উদ্বোধন করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তা সংস্থা সিএনএন।
মঙ্গলবার মুম্বাইতে অ্যাপলের নতুন আউটলেটে কর্মীদের সাথে উল্লাস ও হাততালি দিয়ে টিম কুককেও ব্যক্তিগতভাবে গ্রাহকদের স্বাগত জানাতে দেখা গেছে। আগামী বৃহস্পতিবার দিল্লিতে দ্বিতীয় স্টোর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
ভারতে অ্যাপল স্টোরটি এমন সময়ে খুলল যখন অ্যাপল ভারতে ২৫ বছর উদযাপন করছে। শক্তিশালী অ্যাপ ডেভেলপার, ইকোসিস্টেম, টেকসই, ভারতজুড়ে কমিউনিটি প্রোগ্রাম এবং স্থানীয় উৎপাদন ছাড়াও ভারতে অ্যাপল বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামছে।
ভারতের সেলুলার অ্যান্ড ইলেক্ট্রনিক্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, গত এক বছরে ভারত থেকে রপ্তানি করা মোট ৯০০ কোটি রুপির স্মার্টফোন বাজারের অর্ধেকটাই দখলে রেখেছে আইফোন।
