পুরনো দিনের আধুনিক গানে অন্য রকম মায়া ছিল। গানের সহজ সরল কথা, সুর আর যন্ত্রের বাহুল্য বর্জন করে তৈরি হতো সেসব গান। তাইতো যুগের পর যুগ পেরিয়ে গেলেও সেই গানগুলোর আবেদন ফুরায়নি। দুঃখের বিষয় হলো এখন আর তেমন গান খুব একটা হয় না। তবে ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশিত প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনালের ডুয়েট গান ‘সারা জীবন’ শুনলে সেই আগের দিনের আধুনিক বাংলা গানের স্বাদ পাওয়া যাবে। গানটির মিউজিক ভিডিওর প্রকাশনা অনুষ্ঠান হয় গত সোমবার মিরপুর ১০-এর বিশ্বরঙ শোরুমে। তাতে উপস্থিত ছিলেন গানের শিল্পী বিপ্লব সাহা ও কোনাল, গীতিকার অনুরূপ আইচ, সংগীত পরিচালক রাজন সাহা, মিউজিক ভিডিওর মডেল সিনথিয়া এবং গাজী আবদুন নূর। নান্দনিক মিউজিক ভিডিওটি ধারণ করা হয়েছে মোনাস্ হোটেল অ্যান্ড রিসোর্টসহ আরও বিভিন্ন মনোরম সব লোকেশনে। বিপ্লব সাহার অফিশিয়াল ইউটিউব চ্যানেল Biplob Saha এবং একই সঙ্গে দেশসেরা ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ-এর অফিশিয়াল ফেসবুক পেজ BISHWORANG এবং YouTube চ্যানেল BISHWORANG-এ একযোগে গানটি প্রকাশিত হয়েছে। বিপ্লব সাহা দেশ রূপান্তরকে বলেন, ‘আমি তো গানের মানুষ ছিলাম না। হাঁটি হাঁটি পা পা করে গানের জগতেও ৭ বছর হয়ে গেল। দর্শক-শ্রোতা আমার গাওয়া গানগুলোর কদর করেন বলেই নতুন কাজ করার শক্তি পাই। যেহেতু আমি পেশাদার শিল্পী নই, তাই আমি গানটাকে শুধু একটি বাণিজ্যিক প্রোডাক্ট ভাবি না। গান আমার কাছে ভালোবাসার একটি জায়গা। তাই যে ধরনের গান শুনে আমি বড় হয়েছি সে ধরনের গানই করতে চাই।’ গানটি তৈরির পেছনের গল্প শোনালেন এই ডিজাইনার, ‘গানটি অনেক আগে বন্ধু গীতিকার অনুরূপ আইচ আমাকে দেন। কথাগুলো এত সুন্দর যে দ্রুতই সুর করা হয়। কিন্তু নানাবিধ জটিলতায় কাজটি থেমে ছিল। কোনাল এত ব্যস্ত শিল্পী, তারপরও দেখা হলে বলত, দাদা গানটা কবে ছাড়বেন? সব মিলিয়ে এবার ঈদেই প্রকাশের কথা ভাবি। সেই জায়গা থেকেই সম্প্রতি মিউজিক ভিডিওর কাজটি করি। সিনথিয়া আর নূরকে খুব মানিয়েছে। নূর দুই বাংলাতেই জনিপ্রয়, সে মিউজিক ভিডিওতে কাজ করে না। শুধু গানটি ভালো বলেই রাজি হয়েছে।’
×
