প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে হটাতে যে আগুন নিয়ে বিএনপি খেলছে, সেই আগুনে নিজেরাই ঝলসে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আগুন লাগানোর অভ্যাস বিএনপির রয়েছে।’
গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তদন্ত করা হচ্ছে, খুঁজে বের করা হবে কোথা থেকে আগুন লাগানো হচ্ছে। আগুন লাগানো ২০১৩, ১৪, ১৫ সালের প্র্যাকটিস মির্জা ফখরুল সাহেব আপনাদের। আওয়ামী লীগ আগুন নিয়ে খেলে না। কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘আজকে আগুনের কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। লজ্জা-শরম থাকলে অন্যের ঘাড়ে, আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতেন না। আওয়ামী লীগ যড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার বারবার।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে, বিএনপি করে নিজেদের পকেটের উন্নয়ন। বিএনপির কাছে ক্ষমতা হচ্ছে পকেটের উন্নয়ন, দুর্নীতি আর ভোট চুরি। আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমতা হচ্ছে মানুষের ভাগ্যের উন্নয়ন, অসহায় মানুষের পাশে থাকা।’
ওবায়দুল কাদের বলেন, পবিত্র রমজান মাসজুড়ে বিএনপি নেতারা সামর্থ্যবানদের নিয়ে ইফতার পার্টি করেন। আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করেছে। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য এটাই। এটাই খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার পার্থক্য।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিশ্ব সংকটের মধ্যেও বাংলাদেশ অনেক ভালো আছে। বিশে^র অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশ দ্রব্যমূল্যের পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছে। না খেয়ে মারা গেছে এমন কেউ নেই। আজকে বিএনপির গায়ে জ¦ালা, এই সংকটেও বাংলাদেশ কেন ভালো আছে?’
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে সভায় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপপ্রচার সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম প্রমুখ বক্তব্য দেন।
