কুড়িগ্রামে ‘অসাবধানতাবশত’ ছোড়া গুলিতে এক নিরাপত্তারকর্মী নিজেই গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে পৌর শহর এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা আনার পথে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. শিমুল (২৬)। তিনি অর্নেট লজিস্টিক সার্ভিসের নিরাপত্তা প্রহরী।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহিনুর রহমান সরদার বলেন, ‘আহত নিরাপত্তাকর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে রেফার্ড করেছি।’
ডাচ্-বাংলা ব্যাংকের কুড়িগ্রাম শাখার ম্যানেজার মো. শরিফুল ইসলাম বলেন, ‘দুই নিরাপত্তাকর্মী নিজেদের মধ্যে হাসিঠাট্টার একপর্যায়ে অসাবধানতায় গুলিটি বেরিয়ে যায়।’ কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, ‘দুই নিরাপত্তাকর্মীর গুলি ছোড়ার বিষয়টি আমরা অবগত। আহত শিমুল রংপুর মেডিকেলে চিকিৎসারত। তিনি সুস্থ হওয়ার পর দায়িত্বে গাফিলতির অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
