প্রধানমন্ত্রীর সফরে বিশ্বব্যাংকের সঙ্গে ঋণচুক্তি!

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০২:১৬ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে তিনি দেশটির রাজধানী ওয়াশিংটনে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন।

আগামী ১ মে সংস্থার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এই অনুষ্ঠান হবে। এটি সমাপনী অনুষ্ঠান। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ওই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এই সফরে বিশ্বব্যাংকের সঙ্গে একাধিক প্রকল্পে অন্তত ১২৫ কোটি ডলারের ঋণসহায়তার চুক্তি হতে পারে। বর্তমান বাজারদরে এর পরিমাণ প্রায় ১৩ হাজার কোটি টাকা।

সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরের সময় ঋণচুক্তি হতে পারে, এমন দুটি প্রকল্পের দর-কষাকষি প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। দর-কষাকষি শেষ হলে প্রধানমন্ত্রীর সফরকালে চুক্তি হতে পারে। এ দুটি প্রকল্পের একটি হলো আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির জন্য বিশেষ করে নেপাল ও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে সড়কসহ অন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এই প্রকল্পে ৭৫ কোটি ডলার ঋণ দিতে পারে বিশ্বব্যাংক। এ ছাড়া ভাঙন থেকে নদীতীর রক্ষা এবং বন্যা নিয়ন্ত্রণের আরেকটি প্রকল্পে ৫০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক। এ প্রকল্পের আওতায় মূলত প্রকল্প এলাকায় বন্যাসহ অন্যান্য দুর্যোগ থেকে মানুষ বাঁচাতে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। এগুলো অন্য সময় স্কুল ভবন হিসেবে ব্যবহার করা হবে।

জানা গেছে, আরও দু-তিনটি প্রকল্পে ঋণসহায়তা নিয়ে আলোচনা চলছে। দর-কষাকষি চূড়ান্ত হয়ে গেলে প্রধানমন্ত্রীর সফরের সময় এসব ঋণচুক্তি হতে পারে। সে ক্ষেত্রে সহায়তার পরিমাণ আরও বাড়বে।

এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর দেশ রূপান্তরকে বলেন, অভ্যন্তরীণ সম্পদ থেকে সরকারের আয় কমেছে। দেশের অর্থনীতি গতিশীল রাখতে এখন বিদেশি ঋণ ও সহায়তা প্রয়োজন।

জানা গেছে, সমাপনী অনুষ্ঠানের দিন সকালে একটি আলোচনা সভা হওয়ার কথা আছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বক্তব্য দেবেন। আলোচনা সভায় বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরা হবে।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন যাত্রা নিয়ে বিশ্বব্যাংক সদর দপ্তরে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানা গেছে। এর বাইরে মূল অনুষ্ঠানের পাশাপাশি একাধিক সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হতে পারে। অর্থ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের কর্মকর্তারা এখন প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত করছেন।

বিশ্বব্যাংকের সদর দপ্তরের অনুষ্ঠানে যোগ দেওয়া উপলক্ষে ওয়াশিংটন সফরের আগে প্রধানমন্ত্রী জাপান যাবেন। সেখানে তিনি দুদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর জাপান থেকেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন যাওয়ার কথা আছে প্রধানমন্ত্রীর।

উপকারভোগীদের খোঁজ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জনসংযোগ করার পাশাপাশি সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল বুধবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব নির্দেশনা দেন।

সভায় উপস্থিত নেতারা জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দুস্থ এবং গরিব মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলকে আরও গতিশীল করার লক্ষ্যে সরকারের উন্নয়ন কর্মকণ্ড তুলে ধরার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন। একই সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস সম্পর্কে দেশবাসীকে সচেতন করাসহ সারা দেশের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ ছাড়াও দলীয় নেতাকর্মীদের বৃক্ষরোপণ করতেও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি।

প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের মোবাইল ফোনে কল দিয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ উপস্থিত নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে এ নির্দেশনা দেন। এ সময়ে প্রায় ১০ মিনিট ভিডিওকলে কথা বলেন ও উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়সহ সবার নিরাপদ যাত্রার জন্য শুভকামনা করেন।

এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে যৌথসভা হয়। সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলীর সদস্য, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নির্বাচন সামনে রেখে জনসংযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের অসংখ্য প্রকল্পের মাধ্যমে দেশের নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সব পর্যায়ের জনগণকে নানা ধরনের ভাতা প্রদান করা হচ্ছে। এ ভাতাগুলো উপকারভোগীদের কাছে সরাসরি যাচ্ছে কি না সে বিষয়ে খোঁজখবর নিতে বলেছেন তিনি।

আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না সে বিষয়েও সরেজমিনে খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান। বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত