আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে উত্তপ্ত বরিশালের রাজনৈতিক মাঠ। বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর নগরীতে কয়েক দিন ধরে চলছে মিছিল-পাল্টা মিছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বরিশালে বর্ণাঢ্য আয়োজনে কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বরণ করে নেওয়া হয়েছে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহকে।
কেন্দ্রীয় নেতাদের নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে বরিশাল বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। পরে বিশাল গাড়িবহর নিয়ে দুপুর ১টার দিকে সদর রোড সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় খোকন সেরনিয়াবাত বলেন, ‘এই বরিশাল শেরে বাংলা একে ফজলুল হকের বরিশাল, অশ্বিনী কুমার, জীবনানন্দ দাশের বরিশাল, এই বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাতের বরিশাল, আপনারা জানেন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ওপর গভীর আস্থা রেখে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্টে খুনিরা যখন আমাদের পরিবারের ওপর হত্যাযজ্ঞ চালায়, তখন আমি গুলিবিদ্ধ অবস্থায় রক্তাক্ত হয়ে পড়েছিলাম। আমার বেঁচে থাকা এক আশ্চর্য ঘটনা। আমার বাবাও বরিশালের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। আমি সেই পিতা আবদুর রব সেরনিয়াবাতের সন্তান হিসেবে আপনাদের সেবা করতে চাই। আপনাদের সমর্থন পেয়ে আমি মেয়র নির্বাচিত হলে মুখ থুবড়ে পড়া বিধ্বস্ত বরিশালকে এক তিলোত্তমা নতুন বরিশাল উপহার দেব।’
এ ছাড়াও অনুষ্ঠানে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী, নৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে সব নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
