বার্সায় ফিরলে যত টাকা বেতন পাবেন মেসি

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ০৩:০০ পিএম

পিএসজিতে মৌসুমপ্রতি লিওনেল মেসি প্রায় ৩ কোটি ৭০ লাখ ইউরো বেতন পান। বেশিরভাগ ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো এই দাবি করছে শুরু থেকে। এ মৌসুমের শেষে পিএসজিতে তার বর্তমান চুক্তি শেষ হবে। আগামী মৌসুমে তিনি কি প্যারিসেই থাকবেন! নাকি নতুন কোনো ঠিকানা হবে সেটা এখনই বলা যাচ্ছে না।

তবে গণমাধ্যমে যেসব খবর এখন পর্যন্ত সামনে এসেছে, তাতে মনে হচ্ছে মেসি আবার পুরনো ঠিকানায় ফিরতে চলেছেন। মেসিকে পেতে মরিয়া হয়ে মাঠে নেমেছে বার্সেলোনাও। এমনকি আর্জেন্টাইন মহাতারকাকে দলে আনতে নিজেদের সম্পদ বিক্রির পথেও নাকি হাঁটছে ক্যাম্প ন্যুয়ের ক্লাবটি।

শুধু বার্সাকেই নয়, ক্যাম্প ন্যুতে ফিরতে হলে মেসিকেও বড় ছাড় দিতে হবে। স্পেনের সংবাদমাধ্যম স্পোর্ত বলছে, মেসি যদি সব মিলিয়ে মৌসুমপ্রতি ‘মাত্র’ ২ কোটি ৫০ লাখ ইউরো আয় করতে রাজি থাকেন, তবেই তিনি বার্সেলোনায় ফিরতে পারবেন।

আর মেসি যদি শেষ পর্যন্ত এই শর্ত মেনে বার্সায় যেতে রাজি হন, তাহলে বার্সায় আগের চেয়ে তার বেতন কমবে। দুই বছর আগে বার্সা ছাড়ার আগে যে অর্থ পেতেন, এটা তার চেয়ে চার গুণ কম। ২০২০-২১ মৌসুমে বার্সায় মেসির আয় ছিল ১০ কোটি ইউরো। অর্থাৎ, আবার বার্সায় ফিরলে মেসিকে বড় ধরনের অর্থ ছাড় দিতে হবে।

এই কম বেতনই শেষ পর্যন্ত মেসির বার্সায় ফেরার পথে বড় বাধা হতে পারে। ২০২১ সালে অর্থনৈতিক দুর্দশার কারণে মেসিকে ছেড়ে দিতে বাধ্য হয় বার্সা। সেবার চোখের জলে বার্সাকে বিদায় বলে মেসি চলে যান পিএসজিতে।

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস আবার মেসির ফেরা নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে রেখেছেন। তিনি বলেছেন, ‘মেসিকে নিবন্ধিত করতে হলে বার্সাকে অর্থনৈতিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা তাদের কাছ থেকে পরিকল্পনা পাওয়ার অপেক্ষায় আছি। আজকের দিন বিবেচনায়, বার্সায় মেসির ফেরাকে আমি সম্ভব বলে মনে করছি না। তবে এখনো অনেক সময় আছে। বার্সা এখনো তাকে ফেরানোর ব্যবস্থা নিতে পারে। তবে তাদের অনেক কাজ করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত