সোহাগ গাজীকে মনে করালেন এই ইংলিশ ক্রিকেটার

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ০৫:১৩ পিএম

সোহাগ গাজীর কথা মনে আছে। ২০১২-১৩ মৌসুমে খুলনার বিপক্ষে বরিশালের হয়ে একই ম্যাচে হ্যাটট্রিক ও সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন তিনি। সে বছরই এই ঘটনার পুনরাবৃত্তি ঘটান আন্তর্জাতিক ক্রিকেটে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৫ বছরের ইতিহাসে তিনিই একমাত্র ক্রিকেটার, যার আছে এমন কীর্তি।

সেই কীর্তির ফের ঘটিয়ে সোহাগ গাজীকে মনে করিয়েছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটার টম প্রাইস। যে কারণে ২০ এপ্রিল দিনটা তার জন্য হয়ে থাকবে বিশেষ।

মাত্র ৪৫ রানে দলের ৭ উইকেট পড়ে যাওয়ার পর নামলেন, এরপর করলেন সেঞ্চুরি। সে ইনিংসও খেললেন ১০০-এর ওপর স্ট্রাইক রেটে। এরপর বোলিংয়ে নেমে প্রতিপক্ষ দলের তিন মূল ব্যাটসম্যানকে ফিরিয়ে করে ফেললেন হ্যাটট্রিক। এর সবই হলো এক দিনে। গ্লস্টারশায়ারের প্রাইসের দিনটাকে তো স্বপ্নের দিনই বলতে হবে!

প্রথম শ্রেণির ক্রিকেটে একই ম্যাচে সেঞ্চুরি ও হ্যাটট্রিক করা মাত্র ১৫তম ক্রিকেটার হয়ে গেছেন প্রাইস। সব মিলিয়ে ১৫তম ক্রিকেটার হলেও প্রাইসের হ্যাটট্রিক ও সেঞ্চুরিটি অবশ্য ১৭তম ঘটনা। গ্লস্টারশায়ারের হয়েই মাইক প্রক্টর এ কীর্তি গড়েছিলেন দুবার—১৯৭২ সালে এসেক্সের পর ১৯৭৯ সালে লেস্টারশায়ারের বিপক্ষে।

প্রাইসের কীর্তিটি ইংল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-তে উস্টারশায়ারের বিপক্ষে। নিউ রোডে টসে জিতে ব্যাটিংয়ে নামা গ্লস্টারশায়ার বেন গিবন ও জো লিচের তোপে পড়ে ৮ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট। একসময় সেটি পরিণত হয় ৪৫ রানে ৭ উইকেটে।

২৩ বছর বয়সী প্রাইস নামেন এরপর। জাফর গোহার ও মার্চেন্ট ডি ল্যাঙ্গের সঙ্গে পরের দুই উইকেট জুটিতে প্রাইস যোগ করেন আরও ১০৫ রান। শেষ ব্যাটসম্যান অজিত ডেল যখন ক্রিজে আসেন, প্রাইসের রান তখন ছিল ৫২। তবে সেঞ্চুরি পেতে কোনো সমস্যা হয়নি তাঁর। ৯৩ বলেই মাইলফলক পূর্ণ করে ফেলেন তিনি।

২০২০ সালে এই উস্টারের বিপক্ষেই প্রথম শ্রেণির অভিষেক হয়েছিল অক্সফোর্ডের তরুণের, অভিষেকে দুই ইনিংসেই আউট হয়েছিলেন কোনো রান না করেই। সেই উস্টারের বিপক্ষেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটিও পেয়ে গেলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত