দীর্ঘসময় ধরে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২২ এপ্রিল) সকালে সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, প্রধানমন্ত্রীত্ব আমার কাছে কিছু না। আমি নিজে গর্ববোধ করি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। কাজেই তার স্বপ্নপূরণ করাই আমার কর্তব্য।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন শান্তিতে আছে। দুই বেলা খেতে পারছে। উন্নয়নের যে ধারা আমরা শুরু করেছি, তা অব্যাহত রাখতে হবে।
সরকারপ্রধান বলেন, পদ্মা সেতু করে দিয়েছি, রাস্তাঘাটের উন্নয়ন করেছি, এর ফলে যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হয়েছে। আগে ঘণ্টার পর ঘণ্টা মানুষকে রাস্তায় আটকে থাকতে হতো। কিছুটা সময় লাগলেও এবার আগের মতো দিন-রাত মানুষকে রাস্তায় বসে থাকতে হয়নি।
বিভিন্ন মার্কেটে আগুন লাগার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, বঙ্গবাজারের আগুনের পর মনে হচ্ছে যে, অতীতে যারা আগুন সন্ত্রাস করেছে, তাদের এখানে হাত আছে কি না! কারা ফায়ার সার্ভিসের ওপর হামলা করল এসব খতিয়ে দেখা হচ্ছে। জীবন্ত মানুষকে যারা পুড়িয়ে মারতে পারে, তারা সবকিছুই করতে পারে। তাই এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ শান্তিতে আছে। উন্নয়ন আর অগ্রযাত্রার ধারা যেন অব্যাহত থাকে, সেটাই চাওয়া।
