টানা পাঁচদিনের ঈদের ছুটি শেষে আগামীকাল সোমবার সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে। রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে অফিস।
তবে পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
এবার শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
প্রিয়জনদের সঙ্গে যারা ঈদ উদযাপন করতে যাবেন তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে একদিন বাড়তি ছুটির মাধ্যমে টানা পাঁচদিনের ছুটির ব্যবস্থা করেছিল সরকার।
গ্রামে থাকা আত্মীয়-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়েছেন লাখ লাখ মানুষ। এরইমধ্যে সোমবার অফিস করতে রাজধানীতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
