ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মিলল লাশের পরিচয়

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৫:৩৮ এএম

রুহুল কুদ্দুস (৩২) নামে এক ব্যক্তি গত ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। পরিচয় জানার পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। রুহুল কুদ্দুস চাঁদপুরের ফরিদগঞ্জ ধানুয়ার ৪ নম্বর ওয়ার্ডের নেসার আহম্মদের ছেলে।

কামরাঙ্গীরচর থানার এসআই মহসিন হাসান জানান, গত ২১ এপ্রিল ভোর ৫টার দিকে কামরাঙ্গীরচরের কোম্পানিঘাট পাওয়ার হাউজের পাশের পাকা রাস্তার ওপর থেকে রুহুল কুদ্দুসকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তখন তার পরিচয় জানা ছিল না। অজ্ঞাত হিসেবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ২টা ৪০ মিনিটে তিনি মারা যান। তার মৃত্যুর সনদে লেখা ছিল বিষক্রিয়ায় তিনি মারা গেছেন। শুরুতে তার কোনো স্বজন পাওয়া যাচ্ছিল না। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের খবর দেওয়া হয়।

মৃতের ভাই আজিজুল হক পুলিশকে জানিয়েছেন, রুহুল কুদ্দুস মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে যেতেন। গত ১৬ এপ্রিল কাউকে কিছু না বলে বের হয়ে যান। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত