এলো টুইটারের বিকল্প অ্যাপ ‘ব্লুস্কাই’

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৬:৩৬ এএম

অনলাইন যোগাযোগমাধ্যম ও খুদে বার্তা লেখার সাইট টুইটারের বিকল্প নিয়ে এলেন টুইটারেরই সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। নতুন এই অ্যাপটির নাম ‘ব্লুস্কাই’। টুইটারের সাবেক সহ-প্রতিষ্ঠাতা ও শীর্ষ নির্বাহী জ্যাক ডরসি জানান, টুইটার থেকে ব্যবহারকারীরা যেসব সুবিধা পান, সেই একই সুবিধা দেবে ব্লুস্কাইও। স্মার্ট ফোনে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই প্ল্যাটফরমটি ব্যবহার করতে পারবেন।

মার্কিন এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে ব্লুস্কাইয়ের উদ্বোধন করা হয়েছে। এরই মধ্যে সামাজিক এই মাধ্যমটিতে ২০ হাজারেরও বেশি সক্রিয় ব্যবহারকারী অংশ নিয়েছেন। ব্লুস্কাই মোবাইল অ্যাপের ওয়েবসাইটে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইন্টারনেটে অভ্যস্ত নেটিজেনরা বিভিন্ন প্ল্যাটফরম থেকে আরও বেশি স্বাধীনতা দাবি করবেন। এই বিষয়টিকে গুরুত্ব দিয়েই এই অ্যাপ প্রস্তুত করা হয়েছে। সংস্থারটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই অ্যাপটি তৈরির কাজ এখনো চলছে এবং প্রতিযোগী অন্য সব প্ল্যাটফরমের সঙ্গে পাল্লা দেওয়ার মতো অবস্থায় আসতে এর আরও কিছুদিন সময় লাগবে। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার যাবতীয় প্রোটোকল মেনেই এই অ্যাপটি প্রস্তুত করা হচ্ছে। সামাজিক নেটওয়ার্কিং ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই ব্লুস্কাইয়ের লক্ষ্য।’ জ্যাক ডরসি, নোয়াহ গ্লাস, বিজ স্টেন এবং ইভান উইলিয়ামসÑ এই চারজন মিলে ২০০৬ সালে টুইটার প্রতিষ্ঠা করেন।

প্রসঙ্গত, প্রতিষ্ঠাকাল থেকে ১৫ বছর ধরে কোম্পানিটির শীর্ষ নির্বাহী ছিলেন জ্যাক ডরসি। ২০২১ সালের নভেম্বরে পরাগ আগরওয়ালের হাতে দায়িত্ব দিয়ে টুইটার থেকে সরে যান তিনি। এদিকে ২০২২ সালের এপ্রিলে টুইটার কেনার আগ্রহ প্রকাশ করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ব্যক্তি ইলন মাস্ক। কিন্তু এর কিছুদিন পরেই মত পাল্টে টুইটার কেনা থেকে বিরত থাকেন তিনি। তারপর প্রায় ছয় মাস ধরে টালবাহানার পর ২০২২ সালের ২৮ অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণ করেন ইলন মাস্ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত