ট্রাস্ট ব্যাংকের মুনাফা কমেছে ৭২ শতাংশ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৬:৪৫ এএম

চলতি ২০২৩ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বেসরকারি ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মুনাফা ব্যাপক হারে কমে গেছে। এ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৬ পয়সা। এ হিসেবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা ৭২ শতাংশ কমে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশিত ট্রাস্ট ব্যাংকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

শুধু নিট মুনাফা নয়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংকটির তারল্য প্রবাহ নেতিবাচক ধারায় রয়েছে। এ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট তারল্য প্রবাহ রয়েছে ১ টাকা ৫১ পয়সা ঋণাত্মক, যেখানে আগের বছরের একই সময়ে ২৫ পয়সা ছিল। চলতি বছরের ৩১ মার্চ শেষে ট্রাস্ট ব্যাংকের শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৬ টাকা ১৮ পয়সা।

এদিকে ব্যাংকটি ২০২২ সালের হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৭৫ পয়সা। আগামী ২০ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির এজিএম (বার্ষিক সাধারণ সভা) অনুষ্ঠিত হবে। লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত