মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশ করা সম্ভব হবে। রাজাকারের তালিকা প্রস্তুতের নীতিমালা তৈরি হয়েছে। এ ব্যাপারে কাজ চলছে। গতকাল মঙ্গলবার সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আ ক ম মোজাম্মেল।
মন্ত্রী বলেন, রাজাকারের তালিকা তৈরির জন্য আগে কোনো আইন ছিল না। গত পার্লামেন্টে এই আইন পাস হয়েছে। এখন রাজাকারের তালিকা প্রণয়নের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খানকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। আশা করা যায়, ডিসেম্বর মাসের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে দলের প্রধান বা সাধারণ সম্পাদক কথা বলতে পারেন। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’
গতকাল বিকেলে মন্ত্রী হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারও জিয়ারত করেন। এ সময় সিলেট আওয়ামী লীগের নেতারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
