নির্বাচন কমিশন (ইসি) এ পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছে এবং আগামীতেও ভালো কাজ করবে এমন দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, ‘সব সময় আমাদের আহ্বান থাকবে, আপনারা (বিএনপি) নির্বাচনে অংশ নেন, আমাদের পরীক্ষা নেন। আপনারা তো আমাদের পরীক্ষাই নিচ্ছেন না। পরীক্ষা না নিয়েই আমরা যে অকৃতকার্য হলাম কীভাবে আপনারা বুঝলেন? আমরা পরীক্ষা দিতে প্রস্তুত সব সময়।’
গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. আলমগীর এসব কথা বলেন।
জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটি ভোট, বেশির ভাগ দল অংশ নিচ্ছে না। এটা আস্থাহীনতা কি না এমন প্রশ্নে মো. আলমগীর বলেন, ‘সব দলের তো স্থানীয় পর্যায়ে অফিস থাকতে হবে। সব জেলায় দলগুলোর অফিস নাও থাকতে পারে। ছোট ছোট দলের ওই রকম অফিস নেই। প্রতিদ্বন্দ্বিতা করার মতো তাদের যোগ্য প্রার্থী নাও থাকতে পারে। সেটা তাদের বিষয়। সেটা তো তাদের ব্যাপার। বড় দলগুলো তো আসছে।’
তাহলে বিএনপির কি অফিস নেই এমন প্রশ্নে এই নির্বাচন কমিশনার বলেন, ‘রাজনৈতিক কৌশল হিসেবে তারা (বিএনপি) বলেছে যে নির্বাচনে অংশ নেবে না। আমাদের বলেনি যে, নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকায় তারা নির্বাচনে অংশ নেব না। তারা তো বলেনি কখনো। এটা রাজনৈতিক কৌশল হতে পারে। বিএনপি আসেনি এটা তো তাদের রাজনৈতিক কৌশল। এটা তো আমাদের ব্যর্থতা না। তারা কি বলেছে নির্বাচন কমিশন ব্যর্থ নির্বাচন করেছে, এজন্য আসব না?’
