আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক নিয়োগে নতুন নির্দেশনা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১১:১৪ পিএম

এখন থেকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) পরিচালনা পর্ষদে একটি কোম্পানি বা প্রতিষ্ঠানের একজনের বেশি ব্যক্তি প্রতিনিধি বা মনোনীত পরিচালক হিসেবে থাকতে পারবেন না। আগে এক প্রতিষ্ঠানের একাধিক ব্যক্তি পরিচালক হতে কোনো বাধা ছিল না। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

যদিও বর্তমান সিকিউরিটিজ আইন অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যোগ্য বলে বিবেচিত হবেন। এ সুযোগ নিয়ে অনেক কোম্পানি তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানের বেশিসংখ্যক শেয়ার ধারণ করে একাধিক পরিচালক নিয়োগ দিয়ে আসছে। ব্যাংকের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রজ্ঞাপনের ফলে এখন থেকে কোনো কোম্পানি আর্থিক প্রতিষ্ঠানে একাধিক পরিচালক মনোনীত করতে পারবে না।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনটি এসইসির নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক কি না, তা জানতে চাইলে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম দেশ রূপান্তরকে বলেন, তালিকাভুক্ত কোম্পানিতে পরিচালক হওয়ার প্রাথমিক যোগ্যতা হচ্ছে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ। এ ক্ষেত্রে কোনো কোম্পানি ৩০ শতাংশ শেয়ার ধারণ করলেও পরিচালক নিয়োগের ক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা দেওয়া নেই।  

গতকালের কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষে একের অধিক ব্যক্তি প্রতিনিধি পরিচালক নিযুক্ত হতে পারবেন না। পাশাপাশি কোনো ব্যক্তি কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকা অবস্থায় তার স্বার্থসংশ্লিষ্ট পক্ষ থেকে মনোনীত অন্য কোনো ব্যক্তি ওই আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে প্রতিনিধি পরিচালক হিসেবে নিযুক্ত হতে পারবেন না। আর কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে ব্যক্তি যদি শেয়ার ধারক হন তবে তার পক্ষে অন্য কোনো ব্যক্তি প্রতিনিধি পরিচালক হিসেবে নিযুক্ত করতে পারবেন না। এ ছাড়া আগের দেওয়া অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত