ঈদের ছুটি শেষে মাঠে ফিরছেন ক্রিকেটাররা। ইংল্যান্ডের চেমসফোর্ডে হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের প্রস্তুতিপর্বে বুধবার সন্ধ্যায় সিলেটে গেছেন তারা। যদিও ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের ৩ জন নেই এই ক্যাম্পে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা মোস্তাফিজুর রহমান ও লিটন দাস নেই ক্যাম্পে, আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়া সাকিব আল হাসান ছুটিতে পরিবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে। তাদের ছাড়াই ৩ দিনের ক্যাম্প শেষে ঢাকায় ফিরে পরদিন ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন ক্রিকেটাররা।
বেশিরভাগ সময় বিদেশে সিরিজ খেলতে যাওয়ার প্রস্তুতি হোম অব ক্রিকেট অর্থাৎ মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামেই নিয়ে থাকেন ক্রিকেটাররা। তবে এবার প্রস্তুতি পর্ব হচ্ছে সিলেটে। কিছুদিন আগে সিলেটে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই অভিজ্ঞতা থেকেই কোচ চন্দিকা হাথুরুসিংহে বিলেত যাওয়ার আগে বেছে নিয়েছেন সিলেটকেই। ‘আমরা যখন সিলেটে খেললাম, মনে হলো ইংল্যান্ডের উইকেটের সঙ্গে এখানের কয়েকটি উইকেটের মিল রয়েছে। এজন্যই মনে হলো আমরা ওখানে অনুশীলন করব। আরেকটা ব্যাপার হলো আবহাওয়া। এখানে অনেক গরম। এছাড়া এখানে অনেক ম্যাচ হয়। যে ধরনের উইকেট আমি চাই, তা এখানে পাব না’- গতকাল মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপে জানিয়েছেন তিনি। শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার মনে করেন শুধু ইংল্যান্ডের কন্ডিশন নয়, সব ধরনের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই মিরপুরের বাইরে আসতে হবে, ‘শুধু ইংল্যান্ডের কন্ডিশনের নয়, আমাদের সার্বিক উন্নতির জন্যও প্রয়োজন এটা। প্রতিপক্ষ নিয়ে ও ফলাফল নিয়ে দুর্ভাবনার ব্যাপারও এখানে নেই। আমরা উন্নতি করতে চাই, ব্যস। ভবিষ্যতে যেখানেই আমরা খেলি না কেন, উন্নতি করতে চাই। সামনে আমাদের অনেক খেলা আছে, বিশেষ করে দেশের বাইরে টেস্ট আছে কিছু।’ আফগানিস্তানে সঙ্গে টেস্ট সিরিজ আছে জুনে, যেটা সিলেটেই হওয়ার সম্ভাবনা। যে কারণে উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিনটি চারদিনের ম্যাচও আয়োজন করা হচ্ছে সিলেটে। হাথুরুসিংহে’র কথাতেই সেই আভাস, ‘সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, বিশেষ করে ঘরের বাইরে বেশি খেলতে হবে। এ কারণে উন্নতি করতে সিলেটকে বেছে নেওয়া, আর কিছু নয়।’
সিলেটে এপ্রিলের ২৬, ২৭ ও ২৮ এই তিন দিন হবে স্কিল প্র্যাকটিস। প্রথম দিন সকালে, দ্বিতীয় দিন বিকেলে আর শেষ দিনে ফের সকালে। ২৯ এপ্রিল সন্ধ্যার ফ্লাইটে ক্রিকেটাররা ফিরবেন ঢাকায়। মাঝে একটা দিন, ১ মে তারা উড়াল দেবেন বিলেতের উদ্দেশ্যে।
