সিঙ্গাপুরে নতুন মিশনে প্রথম ম্যাচে দারুণ সাফল্য দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। এএফসি অনূর্ধ-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিয়েছে তারা। থুইনু মারমার জোড়ায় ৬-০ গোলে গোলবন্যায় ভাসিয়েছে মধ্য এশিয়ার দেশকে।
গতকাল সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে তিন গোল করে চালকের আসনে বসে রুমা-পূজারা। প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়েই এগিয়ে যেতে থাকে। পূজা দাস ৩ মিনিটে প্রথম লক্ষ্যভেদ করে বাংলাদেশকে এগিয়ে নেন। দুই মিনিট পর থুইনু ব্যবধান দ্বিগুণ করেন। তৃতীয় গোল পেতে বাংলাদেশকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছে। ৩৯ মিনিটে অধিনায়ক রুমা আক্তার ব্যবধান করেন ৩-০। বিরতির পরও আক্রমণে কোনো ছেদ পড়েনি। আগের মতো প্রতিপক্ষকে চেপে ধরে একের পর এক গোল আদায় করে নেয় বাংলাদেশ। ৫৩ মিনিটে থুইনু নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল পান। পরের দুটি গোল এসেছে পেনাল্টি থেকে। ৬০ মিনিটে সুরভী, ৮২ মিনিটে তৃষ্ণা স্পট কিক থেকে গোল করে তুর্কমেনিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেন।
প্রথম ধাপের বাছাইয়ে গ্রুপ সেরা ৮ দল পাবে দ্বিতীয় ধাপে খেলার টিকিট। সে লক্ষ্য পূরণে ডি গ্রুপে বাংলাদেশ পরের ম্যাচ খেলবে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে, আগামী রবিবার।
