ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হেযবুত তওহীদ ও ইত্তেফাকুল উলামার সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল উপজেলার উচাখিলা বাজারে আলেম উলামাদের অরাজনৈতিক সংগঠন ইত্তেফাকুল উলামার উচাখিলা শাখার পক্ষে হেযবুত তওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সভা শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উচাখিলা-লক্ষ্মীগঞ্জ সড়কে আসার পর পেছন থেকে মিছিলের ওপর হেযবুত তওহীদের লোকজন আক্রমণ করে। এতে ইত্তেফাকুল উলামার ১৪ জন সদস্য আহত হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, হেযবুত তওহীদ ও ইত্তেফাকুল উলামা সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
