সদ্য কারামুক্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, এই সরকারের হিংস্রতা শুধু রাজপথেই নয়, কারাগারেও। সেখানে বন্দিরা, রাজবন্দিরা অমানবিক জীবনযাপন করছেন। আমাকে একা একটি প্রিজন ভ্যানে দাঁড় করিয়ে আদালতে আনা হতো। আমি শারীরিকভাবে অসুস্থ। গাড়ি ব্রেক করলে আমি পড়ে যেতাম। পরে হাইকোর্টের নির্দেশে আমার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়। গতকাল বুধবার দিনব্যাপী নেতাকর্মীরা তার মোহাম্মদপুরের আদাবরের বাসায় দেখা করতে গেলে রিজভী এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, সরকার জুলুম-অত্যাচার করে নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারেনি। আজকে গণতন্ত্র, বাকস্বাধীনতার ফিরিয়ে আনার লড়াই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে, তারই প্রতিফলন দেখতে পাচ্ছি। দেশ বাঁচাতে হলে একনায়কতন্ত্র থেকে মুক্ত হতে হবে।
তিনি আক্ষেপ করে বলেন, ঈদের আগে আমি সবকয়টি মামলায় জামিন পেলেও মুক্তি দেওয়া হয়নি, পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে দেওয়া হয়নি।
গতকাল সকাল থেকে ঢাকা মহানগর বিএনপির উত্তর-দক্ষিণ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
