বাংলাদেশের আলু আমদানিতে জাপানের আগ্রহ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১০:৫২ পিএম

বাংলাদেশে উৎপাদিত ভ্যালেন্সিয়া জাতের আলু প্রক্রিয়াজাতকরণ ও আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে জাপানের একটি প্রতিষ্ঠান। জাপান সফররত কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাতে গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা সেইয়া কাদোও এ আগ্রহের কথা জানান।

সাক্ষাতে কৃষিমন্ত্রী বলেন, দেশে বছরে ১ কোটি টনের বেশি আলু উৎপাদিত হয়। চাহিদা রয়েছে ৬০ থেকে ৭০ লাখ টনের মতো। দেশে যেসব জাতের আলু উৎপাদিত হচ্ছে, তার চাহিদা বিদেশে কম। সেজন্য রপ্তানিযোগ্য ও শিল্পে ব্যবহার উপযোগী আলুর জাত সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই মধ্যে সরকারিভাবে বিএডিসির মাধ্যমে বিদেশ থেকে অনেকগুলো উন্নত জাত আনা হয়েছে, সেগুলো কৃষক পর্যায়ে সম্প্রসারণের কাজ চলমান আছে। এছাড়া বেসরকারিভাবেও আলুর অনেক উন্নত জাত দেশে এসেছে। রপ্তানিযোগ্য আলুর জাত চাষের ফলে আলু রপ্তানির বিরাট সুযোগ সৃষ্টি হচ্ছে।

এদিকে বাংলাদেশ থেকে ভ্যালেন্সিয়া জাতের আলুর নমুনা নিয়ে জাপানের ল্যাবরেটরিতে টেস্ট করা হয়েছে জানিয়ে সেইয়া কাদোও বলেন, এ জাতের আলু মানসম্পন্ন ও সুস্বাদু।

সাক্ষাতে উপস্থিত ছিলেন এসিআই এগ্রিবিজনেসের প্রেসিডেন্ট এফএইচ আনসারী। নেদারল্যান্ডস থেকে ভ্যালেন্সিয়া জাতটি দেশে এনেছেন তারাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত