জাপানের সঙ্গে সমঝোতায় বাড়বে বাণিজ্য

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১০:৫২ পিএম

জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে এবার জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেসিসিআই) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

গতকাল বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাবিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ সমঝোতা স্বাক্ষর হয়। এফবিসিসিআইয়ের পক্ষে সভাপতি মো. জসিম উদ্দিন এবং জেসিসিআইর পক্ষে চেয়ারম্যান কেন কোবায়েশি স্মারকে সই করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ দুই দেশের রাষ্ট্রদূত, সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা।

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘অবকাঠামো প্রকল্প, শিল্প প্রবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপান গুরুত্বপূর্ণ অংশীদার। পরিবর্তনশীল এ বৈশ্বিক অর্থনৈতিক ল্যান্ডস্কেপ পার করার সময়ে আমাদের দুই দেশের সম্ভাব্য খাতগুলোসহ নতুন সম্ভাবনা খোঁজা ও দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জেসিসিআইর সহযোগিতায় বাংলাদেশকে ব্যবসা ও বিনিয়োগের অন্যতম গন্তব্য হিসেবে প্রস্তুত করতে ক্রমাগত প্রচারণামূলক কাজ করে যাচ্ছে এফবিসিসিআই। ২০২৬ সালের মধ্যে আরসিইপির গেটওয়ের মাধ্যমে উভয়পক্ষের ব্যবসাকে সহজ ও সমর্থন করার জন্য চলমান আলোচনা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত