ওয়ানডে বিশ্বকাপের দল নিয়ে এখনই মাথা ঘামানোর কিছু নেই। হাতে সময় আছে। তবুও এক মাহমুদউল্লাহর বিশ্বকাপ দলে থাকা-না থাকার নাটক চলমান। আয়ারল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়ার পর আর দলে সুযোগ পাচ্ছেন না মাহমুদউল্লাহ। অথচ বিশ্বকাপের দল গোছানোয় পুরোদমে ব্যস্ত বিসিবি। এই ব্যস্ততায় অভিজ্ঞ অলরাউন্ডারের ভবিষ্যৎ আলোচনা একই- নেই। দলে ফিরবেন কিনা বা কবে ফিরতে পারেন এ ব্যাপারে কোনো উত্তর নেই কারও কাছে। এই সময় মাহমুদউল্লাহর ভবিষ্যৎ অনেকটাই পরিষ্কার করে দিলেন ২০০৭ সালে তাকে জাতীয় দলে আনতে ভূমিকা রাখা খালেদ মাহমুদ সুজন। তার কথায় বাংলাদেশের হয়ে বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরিয়ানের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে না থাকার সম্ভাবনাই বেশি।
জাতীয় দলের সঙ্গে না থাকায় টিম ম্যানেজমেন্টের কোনো সিদ্ধান্তই খালেদ মাহমুদ এখন জানেন না। আপাতত আবাহনীর কোচ হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত এই সাবেক অধিনায়ক পরিস্থিতি থেকেই বুঝে নিয়েছেন মাহমুদউল্লাহর কী ভবিষ্যৎ, ‘মাহমুদউল্লাহ অবশ্যই বাংলাদেশ দলের অনেক জয়ের সাক্ষী ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তবে সত্যি বলতে আমার চিন্তা থেকে যদি বলি রিয়াদ যেহেতু দলে নেই তাহলে ওকে আমি বিশ্বকাপে দেখছি না। যদি সে বিশ্বকাপ চিন্তায় থাকত তবে অবশ্যই এই সিরিজের দলে (আয়ারল্যান্ড সিরিজ) থাকত। কারণ বিশ্বকাপের তো বেশিদিন নেই। যেহেতু নেই তার মানে সে সেটআপে নেই।’
জাতীয় দলের ব্যাটিং লাইনআপ এখন পুরোপুরি সেট। যে জায়গায় মাহমুদউল্লাহ ব্যাট করতেন ঠিক সেখানেই এখন নামছেন মুশফিকুর রহিম। গত সিরিজে ক্যারিয়ারের সেরা দুটি ইনিংস উপহার দিয়েছেন মুশফিক। এই অবস্থায় ছয় নম্বর পজিশন থেকে তাকে সরানোর কারণ নেই। আবার মুশফিকের পজিশনে সুযোগ পাওয়া তাওহিদ হৃদয় পাঁচে নেমে দুর্দান্ত খেলছেন। একমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে সাতে নামা ইয়াসির রাব্বি আশানুরূপ পারফরম করেননি। তবে ভারতের কন্ডিশনে তার জায়গায় স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এগিয়ে থাকবেন। তাই মাহমুদউল্লাহর আরেকটি বিশ্বকাপ খেলার সম্ভাবনা কম দেখছেন খালেদ মাহমুদ, ‘টিম ম্যানেজমেন্ট যদি মনে করে রিয়াদের বদলে যারা ভালো করছে তারাই থাকবে তাহলে তো ওর বিশ্বকাপে কোনো সুযোগ নেই। আবার রিয়াদের অভিজ্ঞতা আছে, অনেক ম্যাচ জিতিয়েছে এটা যদি চিন্তায় আনা হয় তাহলে রাখতেও পারে। এখানে দেখার আছে ডিপিএলে সুপার লিগের ম্যাচগুলোতে সে কেমন করে। যদি ভালো করে তাহলে একটা দ্বিতীয় চিন্তা হতেও পারে। কিন্তু বিশ্বকাপের জন্য ও যদি চিন্তায় থাকে আর শুধু বিশ্বকাপেই ডাকা হয় তাহলে ভুল হবে।’
