গরমে রেললাইন বেঁকে সাত বগি লাইনচ্যুত

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০৬:১৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত গরমের কারণে রেললাইন বেঁকে যাওয়ায় মালবাহী ট্রেনের সাতটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এর ফলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী ও সিলেটের রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার রফিকুল ইসলাম দুর্ঘটনার পর জানান, চট্টগ্রাম থেকে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছেড়ে দুপুর ১টার দিকে দাড়িয়াপুর এলাকায় পৌঁছালে সাত বগির বেশ কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। মূলত গরমের কারণে রেললাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫০০ মিটার রেললাইনের সিøপার ভেঙে গেছে। তিনি জানান, ঘটনার পর থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোশেডে খবর দেওয়া হয়। উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে।

গতকাল রাত ৮টায় তিনি জানান, এখনো কাজ শেষ হয়নি। বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাঘাত ঘটছে। কাজ শেষ হতে আর কয়েক ঘণ্টা সময় লাগবে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

স্টেশন সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ডাউন লাইনেও ট্রেন স্বাভাবিকভাবে চলছে না। খুব ধীরে ধীরে চালানোর চেষ্টা চলছে। দুটি ট্রেন চালানোর চেষ্টা করেও ফেরত আনা হয় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত