ডিজিটাল আইনের মামলায় অব্যাহতি পেলেন নুর

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০৬:২৩ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযোগপত্র আমলে নেয়নি ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার এ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার ওপর দিন ধার্য ছিল। বিচারক এএম জুলফিকার হায়াৎ প্রতিবেদন আমলে নেওয়ার মতো উপাদান না থাকায় নুরকে অব্যাহতির আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন আদালতের বিশেষ কৌঁসুলি নজরুল ইসলাম শামীম।

তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘বাদী আওয়ামী লীগের কেউ নন। সংগীতশিল্পী পরিচয়ে তিনি মামলা করেছেন। তাছাড়া কোন ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি (নুর) বিরূপ মন্তব্য করেছেন তা স্পষ্ট হয়নি। আদালত অভিযোগ আমলে না নিয়ে তাকে অব্যাহতি দিয়েছেন।’

এ মামলায় সম্প্রতি নুরের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত