প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘আমাদের দেশ আগের তুলনায় অনেক এগিয়ে যাচ্ছে। আমরা দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বিচার বিভাগের কর্মকর্তারা, আইনজীবীরা ও আইনজীবী সহকারীরা সবাই মিলে চেষ্টা করছি জুডিশিয়ালিকে আরও গতিশীল করা।
গতকাল বৃহস্পতিবার সকালে শেরপুরের আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ‘ন্যায় কুঞ্জ’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জেলা জজ কোর্ট মিলনায়তনে বিচারকদের সঙ্গে বৈঠক করেন।
পরে গতকাল দুপুরে জামালপুর জেলা জজ আদালত চত্বরে প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের ৬৪ জেলার ভেতর, ৩৪টি জেলার ভেতর যতগুলো মামলা ফাইল হয়েছে, ডিসপোজালের রেট তারচেয়ে বেশি হয়েছে। অর্থাৎ কিছুটা হলেও, আগের অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি।’ তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের তিনটি অঙ্গ স্ব-স্ব দায়িত্ব পালন করবে, এটাই কাম্য। আমাদের দায়িত্ব হলো, বিচার বিভাগকে গতিশীল করা এবং বিচার বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই লক্ষ্যে আমরা চেষ্টা করছি।
