কোটি টাকার হীরা, সোনা ফেরত দিয়ে নায়ক তারা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০১:৩৩ এএম

ট্যাক্সি ক্যাবে উঠে ভুলে এক যাত্রী ফেলে গিয়েছিলেন হীরাভর্তি ছোট একটি ব্যাগ। আরেক ব্যক্তি ভুলে ফেলে যান নগদ ৩৬ লাখ দিরহাম বা পৌনে ছয় কোটি টাকা। আরেক জন ভুলে ফেলে গিয়েছিলেন প্রায় ৫০ লাখ টাকার সোনা। কিন্তু এমন দামি জিনিস পেয়েও লোভ সামলে সেগুলো ফেরত দিয়েছেন ট্যাক্সিচালকরা। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে এমন আরও অসংখ্য দামি জিনিস ফিরিয়ে দেওয়া এসব ট্যাক্সিচালক এবার পেয়েছেন তাদের সততার পুরস্কার।

গতকাল শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দামি মালামাল ফেরত দেওয়া চালকদের মধ্যে ১০১ জনকে পুরস্কার দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়।

সংবাদমাধ্যমটি জানাচ্ছে, ফেরত দেওয়া উল্লিখিত মালামাল ছাড়াও উল্লেখযোগ্য দামি জিনিসপত্রের মধ্যে রয়েছে ২ লাখ দিরহাম সমমূল্যের সোনা, ৫০ হাজার দিরহাম মূল্যের দামি ব্যাগ-ঘড়ি; ২ লাখ দিরহামভর্তি ব্যাগ এবং ৬০ হাজার দিরহামের ঘড়ি। যারা ভুলে এসব মালামাল ফেলে গেছেন তাদের সরাসরি বা পুলিশের সহায়তা, দুবাই বিমানবন্দর কর্র্তৃপক্ষ এবং অন্যান্য মাধ্যমে ফেরত দিয়েছেন ট্যাক্সি ক্যাবচালকরা।

আমিরাতের গণপরিবহন সংস্থার প্রধান নির্বাহী আহমেদ বাহরোজান ওই ট্যাক্সিচালকদের সম্মাননা জানিয়ে বলেছেন, হারিয়ে যাওয়া কোনো জিনিস পাওয়া এবং সেটি ফেরত দেওয়া দুটি বিষয়ই খুবই আনন্দের। যারা লোভ সামলে এমন দামি জিনিসপত্র ফেরত দিয়েছেন তারা সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।

তিনি জানিয়েছেন, এই ট্যাক্সিচালকদের পুরস্কৃত করার মাধ্যমে এ খাতে নিযুক্ত সবাইকে সততা ও নিষ্ঠাবান হওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা হয়। যার মাধ্যমে আমিরাতের গণপরিবহন খাত আরও সমৃদ্ধ ও নিরাপদ করার চেষ্টা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত