নির্বাচনে বাধা দিলে প্রতিহত করা হবে : কাদের

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০১:৩৯ এএম

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে কেউ বাধা দিতে এলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আগামী নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে কেউ বাধা দিতে এলে তা প্রতিহত করা হবে।’

সেতুমন্ত্রী গতকাল শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৭০তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন।

বিএনপির আন্দোলনের বিপরীতে আওয়ামী লীগের কর্মসূচি সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি করতে যাচ্ছি না। বিএনপি কখনো দ্রুত, কখনো ধীরগতির আন্দোলন, মানববন্ধন, পদযাত্রা, গণ-অভ্যুত্থান করছে।’

তিনি আরও বলেন, ‘এ জন্য অপরাজনীতি থেকে এ দেশের জনগণের জানমাল রক্ষা করার জন্য আমরা শান্তি সমাবেশ করছি। আমরা সময়সীমা দিয়ে কোনো কর্মসূচি দিচ্ছি না, তবে আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকব। জনগণকে শান্তির ডাক জানিয়ে দিতে চাই।’

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যা ও ২০০৪ সালের ২১ আগস্টে হত্যাকাণ্ড ঘটানো হয়। এ তিনটি ঘটনা একইসূত্রে গাঁথা।’

ওবায়দুল কাদের বলেন, ‘হত্যা, যড়যন্ত্র, বিশ্বাসঘাতকতার বদলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। একই সঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব, তাদের পরাজিত করব, পরাভূত করব।’

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন ও অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনিবাহী সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ। বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত