দুবছর পর ক্লাসরুমে ক্লাসের সুযোগ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১২:০১ এএম

আমার কলেজের প্রথম দিন তেমন আড়ম্বরপূর্ণ ছিল না। করোনার পর প্রথম কলেজে বসে ক্লাস করার সুযোগ পেয়েছি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর। করোনার ভেতরেও আমাদের কলেজে ভর্তি এবং ক্লাস শুরু হয়েছিল। আমি ভর্তি হয়েছিলাম হাজেরা তজু ডিগ্রি কলেজে। ভর্তির পর করোনা মহামারীর জন্য সশরীরে ক্লাস করার সুযোগ ছিল না। সশরীরে কলেজে উপস্থিত হওয়ার সুযোগ ঘটে কলেজে ভর্তির প্রায় এক বছর দুমাস পর। অন্যরকম উত্তেজনা কাজ করছিল যখন শুনতে পেলাম কলেজে ক্লাস করতে পারব। কারণ শেষ রুমে বসে ক্লাস করেছিলাম দশম শ্রেণিতে থাকতে। দুবছর আগে। কলেজের প্রথম দিনে আমাদের জন্য ছিল না কোনো বিশেষ আয়োজন। সবাই লাইনে দাঁড়িয়ে হাতে হ্যান্ড স্যানিটাইজার মেখে ক্লাসরুমে প্রবেশ করলাম। ক্লাসে ছিল সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা। সে অনুসারে প্রতি বেঞ্চে আমরা দুজন করে বসলাম। কলেজের প্রথম দিন ছিল পদার্থবিজ্ঞান ও রসায়নের ক্লাস। প্রথম ক্লাস ছিল ময়নুল স্যারের। উনি আমাদের পদার্থবিজ্ঞানের শিক্ষক। পরের ক্লাস ছিল রসায়ন। রসায়ন ক্লাসের শিক্ষক আইয়ুব স্যার। তিনি আমাদের বললেন, কলেজের ইতিহাস সম্পর্কে। জানালেন এই কলেজে তার সম্পৃক্ত হওয়ার ঘটনা, কত দিন ধরে আছেন ইত্যাদি। আরও জানালেন, আমাদের কলেজটি কীভাবে রাজনীতিমুক্ত ক্যাম্পাসে পরিণত হলো। করোনার ফলে আমাদের পিছিয়ে পড়া আত্মবিশ্বাসকে জাগ্রত করতে কাজী নজরুল ইসলামের একটি কবিতার পঙ্্ক্তি বললেন। এর মাঝেই তৎকালীন অধ্যক্ষ এসে আমাদের ‘হৃদয়’ দিয়ে নবীনবরণ করলেন। কলেজের প্রথম দিন কারও সঙ্গে তেমন কথা হয়নি। অনলাইনে যাদের সঙ্গে পরিচয় ছিল তারা ছিল অন্য সেকশনে।

দুই ঘণ্টা পর আমাদের ছুটি হলো। কলেজ থেকে ফিরে এলাম বাসায়। দুবছরের অচলায়তন ভেঙে এভাবে কেটেছে আমার কলেজের প্রথম দিন।

টি এইচ মাহির

হাজেরা তজু ডিগ্রি কলেজ, চান্দগাঁও, চট্টগ্রাম

×
সর্বশেষ সর্বাধিক পঠিত