১৩ বছরের বালকের চেষ্টায় বাঁচল ৬৬ প্রাণ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০৬:১৫ এএম

যুক্তরাষ্ট্রের মিশিগানে চলন্ত অবস্থায় একটি স্কুল বাসের চালক অচেতন হয়ে পড়েছিলেন। ৬৬ শিক্ষার্থী বহনকারী বাসটি বেরিয়ে যাচ্ছিল লেন ছেড়ে। আতঙ্কে চেচাঁমেচি শুরু করে দিয়েছিল আরোহী শিক্ষার্থীরা। তবে ব্যতিক্রম ছিল ১৩ বছরের বালক ডিলন রিভস। চালক অচেতন হয়ে পড়েছেন বুঝতে পেরে ডিলন পেছনের সারি থেকে ছুটে এসে বাসের স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সফলভাবে বাসটি থামায়। বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে পেরেছে শিক্ষার্থীরা।

বিবিসি বলছে, গত বুধবার ওয়ারেন শহরের কার্টার মিডল স্কুলের শিক্ষার্থীদের বহনকারী বাসচালকের জ্ঞান হারানোর এবং ডিলনের সাহসী পদক্ষেপের ঘটনাটি ঘটে। এই ঘটনা ডিলনকে পুরো শহরের কাছেই নায়ক বানিয়ে দিয়েছে।

ওয়ারেন শহরের কাউন্সিলম্যান জনাথন লাফেরতি তার ফেসবুকে লিখেছেন, সে (ডিলন) বাসটি থামিয়ে এমন এক দুর্ঘটনা এড়িয়েছে, যা হতে পারত খুবই মর্মান্তিক। ডিলনকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, তোমার নায়কোচিত কর্মকাণ্ডে আমরা গর্বিত।

কার্টার মিডল স্কুলের সুপারিনটেন্ডেন্ট রবার্ট লিভারনয়েস জানান, ডিলন চালকের দুরবস্থা দেখতে পেয়ে বাসের সামনের দিকে দৌড়ে চলে আসে এবং বাসটিকে থামাতে সাহায্য করে।

গত বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, চলন্ত অবস্থায় বাসটির নারী চালক তার অসুস্থতার বার্তা কর্মকর্তাদের জানানোর আগে অচেতন হয়ে পড়েন। স্টিয়ারিং হুইল থেকে চালকের হাত সরে যাওয়ার পর বাসটি তার লেন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। তা দেখে ডিলন দ্রুত চালকের আসনের কাছে ছুটে এসে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে ব্রেক চেপে বাসটিকে থামিয়ে দেয়। বাসটি থামানোর পর ডিলন চিৎকার করে বলে, কেউ দয়া করে এখনই ৯১১-তে ফোন দাও।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বাস থামানোর পর পুলিশ এসে যখন ডিলনের বাবা-মাকে ফোন করে, তখন তার বাবা স্টিভ রিভস ফোন তুলে প্রথমেই জিজ্ঞেস করেছিলেন, কী অকাজ করেছে ও?  উত্তরে পুলিশ জানায়, না, কোনো অকাজ নয়। তোমার ছেলে তো নায়ক।

এই ঘটনার পর ডিলনের মা ইরিটা রিভস ফেসবুকে লিখেছেন, ডিলনের জন্য এটি কেবল আরেকটি দিন। তার কোনো ধারণাই নেই, কী পরিমাণ মানুষ আজ তাকে নিয়ে গর্বিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত