সেই চনপাড়ায় ত্রিমুখী সংঘর্ষ

আপডেট : ০১ মে ২০২৩, ০৭:০৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়েছে মাদক কারবারীরা। রোববার (৩০ এপ্রিল) রাতভর জয়নাল গ্রুপ, শাহাবুদ্দিন গ্রুপ ও শমসের গ্রুপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের পর রূপগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের প্রায় দেড় শতাধিক পুলিশ সদস্য চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় আজ সোমবার ভোর থেকে ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে ৬০৮ পুরিয়া গাঁজা, ৭৫ পুরিয়া হেরোইন, ১০টি ককটেল, ৪টি রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় পুলিশ সন্দেহভাজন ১৫জনকে গ্রেপ্তার করে।

এসব ঘটনায় মাদক, অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ও সংঘর্ষের ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে রূপগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মোস্তফা কামাল, ৩ নম্বর ওয়ার্ডের আবু বক্কর সিদ্দিক, ডেমরা এলাকার আলামিন, চনপাড়া বহরের উজ্জল মিয়া, নাদিম ২ নম্বর ওয়ার্ডের সোহাগ মিয়া ও মুজিব, ৩ নম্বর ওয়ার্ডের আরিফ, ১ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের খলিল আকন, সোহেল, শাহরিয়ার ইসলাম মণ্ডল, শামীম ও হাজারী মামুন চৌধুরী, ৯ নম্বর ওয়ার্ডের সাদেক।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে জয়নাল গ্রুপ, শমসের গ্রুপ ও শাহাবুদ্দিন গ্রুপ সহ আরও কয়েকটি অপরাধচক্র। পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন সময় মাদক উদ্ধার ও অস্ত্র উদ্ধারসহ অপরাধীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। পুনরায় অপরাধীরা জামিনে বের হয়ে এসে আবার অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত