কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জাকির মোল্লা (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। পুলিশের দাবি নিহত জাকিরের বিরুদ্ধে মাদক,সন্ত্রাস হত্যাসহ নানা অপরাধের ১৩টি মামলা রয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকির শাহাপুর গ্রামের আরব আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একই এলাকার আবু মণ্ডলের কৃষি জমি জবর দখল করে রাখার অভিযোগ ছিল জাকিরের বিরুদ্ধে। এ নিয়ে আবু মণ্ডল স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিসহ বিভিন্ন মহলে অনেক দেন দরবার করেও ওই জমি দখলমুক্ত করতে পারেননি। মঙ্গলবার সকালে জাকির ওই খেতে গেলে আবু মণ্ডলের লোকজন তার ওপর হামলা চালান।
এ সময় প্রতিপক্ষ ধারালো হাসুয়া দিয়ে তাকে উপর্যুপরি কোপায়। এতে ঘটনাস্থলেই মারা যান জাকির। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে জাকির মোল্লার লোকজন প্রতিপক্ষের চারটি বাড়িতে আগুন লাগিয়ে দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধ এবং নানা অপকর্মের প্রতিশোধ নিতেই প্রতিপক্ষের লোকজন জাকির মোল্লাকে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার আইন-শৃঙ্খলার যেন অবনতি না হয় সে কারণে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় মামলা করেনি।
