রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিদুর্ঘটনায় ভালো ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ ৩৩ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজারবাগ শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে ওই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ১৫ এপ্রিল নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লাগে। তিন ঘণ্টা ধরে জ্বলতে থাকা সেই আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিস ও অন্য বাহিনীর পাশাপাশি পুলিশ যোগ দেয়। ঘটনাস্থলে আহাজারি করতে থাকা ব্যবসায়ীদের মালামাল উদ্ধারও করেন পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, দেশের সেবায় পুলিশ সবসময় প্রস্তুত। ডিএমপির দুই একজন সদস্য ছাড়া সবাই জনজনের সেবায় এগিয়ে আসে। ওই দুই-একজনের দায় পুলিশ বাহিনী নেবে না।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বলেন, সাম্প্রতিক যতগুলো ঘটনা ঘটেছে তারমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে পুলিশ সদস্যদের মানবিক ভূমিকা।
