মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় মামলা

আপডেট : ০৩ মে ২০২৩, ০৬:০৪ এএম

মেট্রোরেলে গত সোমবার ঢিল ছোড়ার ঘটনায় মামলা করেছে কর্তৃপক্ষ। ওই ঢিলে ক্ষতিগ্রস্ত জানালা ঠিক করতে খরচ হবে অন্তত ১০ লাখ টাকা। পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ অজ্ঞাতনামা আসামি ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

মেট্রোরেল আইন-২০১৫ এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধি ৪২৭ ধারায় কাফরুল থানায় এই মামলা করেছে কর্তৃপক্ষ। সোমবার রাতে মেট্রোরেলের লাইন অপারেশন শাখার সহকারী ব্যবস্থাপক সামিউল কাদের মামলাটি করেন। এতে একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী, এই মামলায় উল্লিখিত ধারায় সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকার জরিমানা। আর সর্বনিম্ন শাস্তি হচ্ছে দুই বছরের কারাদণ্ড।

জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক দেশ রূপান্তরকে বলেন, মেট্রোরেলের ভাবমূর্তি ক্ষুণœ করতে কেউ উদ্দেশ্যমূলকভাবে এই ঢিল ছুড়েছে। তিনি বলেন, ‘মেট্রোরেল চালু হওয়ার পর প্রথমে ঘুড়ি নিয়ে বিপাকে পড়তে হয়েছে। এরপর ফানুসের কারণে মেট্রোরেল চলাচল বাধাগ্রস্ত হয়েছে। এই দুটি সমস্যা আমরা সফলভাবে মোকাবিলা করেছি। ঢিলের ঘটনার বিষয়ে আমরা খুবই সিরিয়াস।’

জানতে চাইলে কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বলেন, শেওড়াপাড়া ও কাজীপাড়ার বর্ডার এলাকায় মেট্রোরেলের জানালায় একটি ঢিল পড়ে। রাস্তার পূর্ব পাশের কোনো এক ভবন থেকে ঢিলটি ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যাত্রীরা কেউ আহত না হলেও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত