ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে সিএনজি খাদে, যাত্রী নিহত

আপডেট : ০৩ মে ২০২৩, ০৪:১৮ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ট্রাফিক পরিদর্শকের ধাওয়া খেয়ে সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে মহিউদ্দিন নামে এক যাত্রী নিহত হয়েছে। এতে বিক্ষুব্ধ জনতা দেবীদ্বার জোনের ট্রাফিক পরিদর্শক তারিকুল ইসলামকে ধাওয়া করলে তিনি দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

আজ বুধবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন (৩২) দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের আলমাস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ বাস টার্মিনালের উত্তর পাশে যানবাহনে তল্লাশি পরিচালনা করছিলেন ট্রাফিক পরিদর্শক তারিকুল ইসলাম। এ সময় যাত্রীবাহী সিএনজিকে সিগন্যাল দিলে, ড্রাইভার গতিরোধ না করে চলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে ওই ট্রাফিক পরিদর্শক মোটরসাইকেল নিয়ে সিএনজিটিকে পেছন থেকে ধাওয়া করেন।

এ সময় দ্রুতগতিতে পালাতে গিয়ে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী মহিউদ্দিন নিহত হন।

তারিকুল ইসলাম বলেন, আমি কোন সিএনজিকে ধাওয়া করিনি, অথবা আমাকেও কেউ ধাওয়া করেনি। আমি নিয়ম অনুযায়ী সেখানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র তল্লাশি করছিলাম। সড়ক দুর্ঘটনা অথবা নিহতের ঘটনা সম্পর্কে আমি অবগত নই।

হাইওয়ে পুলিশের মিরপুর ফাঁড়ির পরিদর্শক আলমগীর হোসেন বলেন, সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক যাত্রী নিহত হয়েছেন। আমরা দুর্ঘটনা কবলিত সিএনজিটি উদ্ধার করে ঘটনা সম্পর্কে তদন্ত করছি। তিনি বলেন এলাকার লোকজন ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছেন। বাস্তব বিষয়টা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত