১ এপ্রিল মহান মে দিবসে টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন সড়কে ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছেন ‘সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ভূঞাপুর উপজেলা শাখা’র সভাপতি আজহারুল ইসলাম। তিনি টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে কার্যকরী কমিটির সদস্য।
মে দিবসে ভূঞাপুর বাসস্ট্যান্ডে শ্রমিক সমাবেশে তার এ ঘোষণার সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, সরকার বা জেলা শ্রমিক ফেডারেশনের সিদ্ধান্ত ছাড়া এই ভাড়া বৃদ্ধির ঘোষণাকে প্রকাশ্যে চাঁদা তোলা হচ্ছে জানিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
এভাবে ভাড়া বৃদ্ধির ফলে একদিকে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও অভিভাববকরা বিপাকে পড়েছেন, অন্যদিকে যাত্রীরা সিএনজিচালিত এবং ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের সঙ্গে তর্কবিতর্কে জড়াচ্ছেন। ভাড়া বৃদ্ধির ঘোষণার দিন থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।
জানা যায়, গত সোমবার মহান মে দিবসে ভূঞাপুর বাসস্ট্যান্ডে এক শ্রমিক সমাবেশে উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সামনে আজহারুল ইসলাম দেড়গুণ ভাড়া বৃদ্ধির ঘোষণা দেন। এতে উপজেলার বিভিন্ন সড়কে অটো রিকশায় চলাচলকারী লোকজন পড়েন বিপাকে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইলকান্দি এলাকার এক কিন্ডারগার্টেন শিক্ষক হাসান মাহমুদ বলেন, পাথাইলকান্দি বাজার থেকে ভূঞাপুরের ভাড়া ছিল ৩০ টাকা। গতকাল সিএনজিতে উঠতেই সিএনজি চালক জানালেন ভাড়া ৪০ টাকা। এভাবে ভাড়া বৃদ্ধির কোনো মানেই হয় না। এই ভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি করছি।
কলেজছাত্রী সুমাইয়া খাতুনকে সিংগুরিয়া থেকে ভূঞাপুরে দিনে দুবার যাতায়াত করতে হয়। তিনি জানান, সিংগুরিয়া বাসস্ট্যান্ড থেকে আগে ভূঞাপুর বাসস্ট্যান্ডের ভাড়া নিত ১০ টাকা। দুদিন ধরে ৫ টাকা ভাড়া বেশি নিচ্ছে। ভাড়া বৃদ্ধির বিষয়ে তাদের কাছে জানতে চাইলে বলেন নেতারা ভাড়া বৃদ্ধি করেছে।
সিএনজি চালক রফিকুল ইসলাম ও ইমরান জানান, সব জিনিষের দাম বেড়ে গেছে। নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি না হলেও সিএনজি যাবতীয় যন্ত্রাংশের দাম বাড়ছে কয়েকগুণ। যার কারণে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।
ভূঞাপুর উপজেলা সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য আজহারুল ইসলাম আজাহার ভাড়া বৃদ্ধির যুক্তি তুলে ধরে মুঠোফোনে জানান, গ্যাসসহ দেশে সব জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। দেড় বছর আগে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। সেই আগের ভাড়ায় পোষে না। তাই ভাড়া বৃদ্ধি করা হচ্ছে।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, সরকার নতুন করে সড়ক পরিবহনে ভাড়া বৃদ্ধির কোনো ঘোষণা বা প্রজ্ঞাপন দেয়নি। স্থানীয় সিএনজি-অটোরিকশা শ্রমিক সংগঠন থেকে ভাড়া বৃদ্ধির যে ঘোষণাটি দিয়েছে তা অন্যায় ও অনিয়মতান্ত্রিক। বিষয়টির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ছোট মনির বলেন, ভূঞাপুরে সিএনজি ও অটোরিকশা ভাড়া বৃদ্ধির বিষয়ে জানতে পেরেছি। শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত হয়নি।
