ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান আদালতে জামিননামা দাখিল করেছেন। আদালত ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিননামা গ্রহণ করেছে। গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে উচ্চ আদালত থেকে পাওয়া আগাম জামিনের জামিননামা দাখিল করেন।
এরপর তারা জামিনের জন্য আরেকটি আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ১৬ আগস্ট পূর্ণাঙ্গ জামিন শুনানির জন্য দিন ধার্য করে। ততদিন পর্যন্ত মতিউর রহমান জামিনে থাকবেন। মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এসব তথ্য জানান।
এর আগে গত ২ এপ্রিল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মতিউর রহমানকে ছয় সপ্তাহের আগাম জামিন দেয়।
গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রথম আলোর অনলাইনে করা একটি প্রতিবেদন নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রতিবেদনটি করেছিলেন সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান। এ ঘটনায় গত ২৯ মার্চ রাতে রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী আবদুল মালেক। এ মামলায় পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও তার ক্যামেরাম্যানসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদেরও আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, স্বাধীনতা দিবসে শামসুজ্জামানের করা প্রতিবেদন প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনের কারণে বাংলাদেশেসহ বহির্বিশ্বে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি ও স্বাধীনতার অর্জন নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে একাত্তর টিভির একটি প্রতিবেদনে বলা হয়, প্রথম আলোতে প্রকাশিত সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা পরিচয় ও সাক্ষাৎকার নেওয়া হয়েছে, শিশুটির বিষয়ে ভুল তথ্য, নাম-পরিচয়ও ভুল দেওয়া হয়েছে।
