প্রধানমন্ত্রীর এই সফরে অর্জন শূন্য : ফখরুল

আপডেট : ০৪ মে ২০২৩, ০৬:০৯ এএম

যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংকের সদর দপ্তরের অনুষ্ঠান এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শীর্ষ প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রীর এই সফরে অর্জন শূন্য। সরকার তার শুরু থেকেই মিথ্যা কথা বলে পুরোপুরি মিথ্যা প্রচারণা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছে। আইএমএফের প্রধানের বরাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে যে বক্তব্য রেখেছেন সে সম্পর্কে আইএমএফ কোনো বিবৃতি দেয়নি।’ গতকাল বুধবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিবারেল  ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের পায়ের নিচে মাটি নেই। তাই তারা মিথ্যা তথ্য প্রচার করে জনগণকে দেখাতে চায় তাদের সফরটা অত্যন্ত সফল হয়েছে।

আইএমএফ প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন বলে যে তথ্য তারা প্রচার করছে তা মিথ্যা। ইতিমধ্যে তারা একটি বিবৃতি দিয়েছে সেখানে বলা হয়েছে আইএমএফ প্রধান প্রধানমন্ত্রীর বিষয়ে এমন কোনো কথা বলেননি। বৈঠকে শুধুমাত্র নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিশ্বব্যাংকের ঋণ দেওয়ার বিষয়টি পূর্বনির্ধারিত। সুতরাং প্রধানমন্ত্রীর এই সফরে এচিভমেন্ট ইজ জিরো।’

দেশের অর্থনৈতিক দুরবস্থার মধ্যে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরকে কীভাবে দেখছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘পুরো বিষয়টা হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য এই সমস্ত সফর, ধানা-পানাই করা। এসব করে কোনো লাভ হবে না। কিন্তু জনগণের লক্ষ্য একটাই তাদের ক্ষমতা থেকে সরতে হবে এবং জনগণের নির্দলীয় নিরপেক্ষ সরকারের নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, আইনের শাসনকে ফিরিয়ে আনতে হবে। জনগণ যেন সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সমাজে বাস করতে পারে  সেই ব্যবস্থা করতে হবে।’

যুক্তরাষ্ট্রের ‘ভয়েস অব আমেরিকা’য় দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সঙ্গে সংলাপ করতে চান না বলে যে মন্তব্য করেছেন সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা তো তাদের সঙ্গে আলোচনা করতে চাইনি। কারণ আমাদের যে পূর্ব অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তো তাদের সঙ্গে আলোচনায় বসার যুক্তি থাকতে পারে না এজন্য যে, তারা পুরোপুরিভাবে মিথ্যা কথা বলে এবং তারা বিশ্বাসঘাতকতা করেছে জাতির সঙ্গে। সেই কারণে জনগণের আন্দোলনের মধ্য দিয়েই জনগণ রাজপথে ফয়সালা করে নেবে।’

এলডিপি চেয়ারম্যান অলি আহমদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন। এই বৈঠকে যুগপৎ আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর অলি আহমদ বলেন, ‘আমাদের আন্দোলন মন্ত্রী হওয়ার জন্য নয়, এই আন্দোলন দেশের ১৮ কোটি মানুষের মুক্তির জন্য। এদেশের জনগণের মুক্তি যতদিন না হয় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত